২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ে হাতবোমা

যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার ঘাতক দালাল নির্মূল কমিটির কার‌্যালয়ের সামনে থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান জানান, মঙ্গলবার দুপুরে কমিটির মহাখালীর কার‌্যালয়ের সামনে থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি হাতবোমা উদ্ধার করা হয়।

এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ওই কার‌্যালয়ে অবস্থান করছিলেন।

তিনি বলেন, “যারা আমাকে হিটলিস্টে রেখেছে তারাই এসব ঘটনা ঘটাচ্ছে। এটা ন্যাক্কারজনক। দ্রুতই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শাহরিয়ার কবির বলেন, “জামায়াত-শিবির-হেফাজতের রাজনীতি নিষিদ্ধ না করলে এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকবে।

“আমরা সরকারকে বারবার বলে আসছি- এদের নিষিদ্ধ করতে হবে। তা না হলে কোনো সরকারের অধীনে নির্বাচন করতে দেবে না তারা।”

বিরোধী দলের হরতালের প্রথম দুই দিনে গণমাধ্যম, বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বাসভবনসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় হাতবোমা বিস্ফোরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গুরুত্বপূর্ণ সব এলাকায় অবিলম্বে নিরাপত্তা জোরদার করার দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি।