হরতালের হাতবোমায় শিশুসহ আহত ৫
বিরোধী দলের হরতালের মধ্যে রাজধানীর জুরাইনে হাতবোমা বিস্ফোরণে নয় বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
নাজিরাবাজার এলাকায় পুলিশের সঙ্গে যুবদল কর্মীদের সংঘর্ষে এক সাংবাদিকসহ আহত হয়েছেন চারজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জুরাইনের বালুর মাঠ এলাকায় হাতবোমা বিস্ফোরণে রহিমা আক্তার (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়।
রহিমা স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তার বাবা সোবহান ওই এলাকার একজন ভাঙারির দোকানদার।
সোবহান জানান, তার মেয়ে সকালে বাসা থেকে নাস্তা নিয়ে দোকানে আসে। তারপর পাশের বালুর মাঠে খেলতে যায়।
এ সময় তিনি পাশ দিয়ে হরতালের সমর্থনে একটি মিছিল যেতে দেখেন এবং একটি বিস্ফোরণে শব্দ পান। বোমা ফেটেছে বুঝতে পেরে দ্রুত তিনি দোকান থেকে বাইরে গিয়ে দেখেন, রহিমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সোবহান।
হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, “মেয়েটির ডান চোখের কর্নিয়া ফেটে গেছে। পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁ চোখের ভেতরেও স্প্লিন্টার আছে। অবস্থা ভাল নয়।”
রহিমা দুই হাত ও পেটেও আঘাত পেয়েছে বলে এই চিকিৎসক জানান।
এদিকে বেলা পোনে ১১ টার দিকে নাজিরাবাজার পশু হাসপাতালের সামনের রাস্তায় যুবদল মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দশ মিনিট ধরে চলা এ সংঘর্ষের মধ্যে অন্তত সাতটি ককটেল ফাটায় হরতালকারীরা। এতে ঘটনাস্থলে দায়িত্বরত চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন মাসুদুর রহমানসহ চারজন আহত হন।
মাসুদ মুখ ও বুকে আঘাত পেয়েছেন। আহত অপর তিন পথচারী জাহাঙ্গীর হোসেন (৩০), জামাল হোসেন (২৮) ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী দুলাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে খোদা নেওয়াজ জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
