২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সংখ্যালঘুদের দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা বিএনপি সভাপতি নিহত হওয়ার পর স্থানীয় বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 08:07 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুরে  হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সামনের বাজারে এ হামলা চালানোর সময় তারা মুখোশপরা ছিল বলের পুলিশ ও স্থানীয়রা জানান।

উদ্ভূত পরিস্থিতিতে হরিণাকুন্ডু পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দখলপুর বাজারে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা বিএনপি নেতা দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেনকে (৫৬) বোমা মেরে ও কুপিয়ে হত্যা করে।

হরিণাকুন্ডু বাজারের মাতৃ জুয়েলার্সের মালিক চিথলিয়াপাড়ার সুকেশ কর্মকার বলেন, হরতালের কারণে তিনি দোকান বন্ধ রেখে বাড়িতে ছিলেন। দুপুরে জানতে পারেন তার দোকানে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সাইদুর রহমান সাংবাদিকদের জানান, আবুল হোসেন খুনের ঘটনার পরপর ১৫-২০ জন মুখোশধারী যুবক  হরিণাকুন্ডু সদরের মনোরঞ্জন পালের তেল ও মুদি দেকান, সংবাদপত্র এজেন্ট চিথলিয়াপাড়ার স্বপর ঘোষের ফটোস্ট্যাট এবং আরেকজনের জোয়ার্দ্দার বস্ত্রালয়ে আগুন দেয়। 

এরপর তারা পার্বতীপুর গ্রামের কাজল পাল ও ভোলা নাথ গড়াইয়ের দোকান, টিপটপ জুয়েলার্স, হরিণাকুন্ডু সদরের নিল রতনের হার্ডওয়ারের দোকান, কুলবাড়িয়া গ্রামের অচিন্ত্য কর্মকারের  ও পরিতোষ কর্মকারের সোনার দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায়।   

তারা আওয়ামী লীগ সমর্থক আব্দুল্লাহ আল বাকির বিশ্বাসের ফটোস্ট্যাটের দোকানেও ভাংচুর চালায়।

জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন তিনি এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

তিনি বলেন, শুধু সংখ্যালঘুদের দোকান নয়, তারা সামনে যে দোকান পেয়েছে সে দোকানে হামলা করেছে।

পুলিশ সুপার আলতাফ হোসেন এ হামলা, ভাংচুর ও লুটপাটের কথা স্বীকার করে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল হক জানান, উত্তেজনা বিরাজ করায় সংঘর্ষ ও নাশকতার আশঙ্কায় জেলা প্রশাসকের আদেশে  হরিণাকুন্ডু পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আদেশ দেওয়া না পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান তিনি।

সোমবার দুপুরে বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে দলীয় কার্যক্রম শেষে দখলপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন। 

বেলা সাড়ে ১২টার দিকে পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে তার দিকে হাতবোমা ছুড়ে মারে। বিস্ফোরণে তিনি পড়ে গেলে কুপিয়ে তার মৃত্যু নিশ্চত করে চলে যায় হামলাকারীরা।