গাজীপুরে বনের গাছ কেটে অবরোধ, সংঘর্ষ
গাজীপুরে সংরক্ষিত বনাঞ্চলের শাল গাছ কেটে সড়কে অবরোধ সৃষ্টি করেছে হরতাল সমর্থকরা। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘাতেও জড়িয়েছে তারা।
গাজীপুরের বনাঞ্চলের গাছ কেটে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। শ্রীপুরেও তারা বনের গাছ কেটে এনে সড়ক অবরোধ করার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের একটি গাড়ি ও একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে তারা।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল ৭টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট ও এরশাদনগর এলাকায় হরতালকারীরা মিছিল বের করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
এসময় বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করে তারা।
কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল ও রবার বুলেট ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
তিনি বলেন, সকাল ৮টার দিকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
প্রায় একই সময়ে জেলা শহরের রেল ক্রসিং এলাকায় হরতাল সমর্থকরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটনায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির কাঁচ ভাংচুর ও একটি লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায় হরতালকারীরা। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভায় পুলিশ।
