বেনাপোলে আটক কয়েকশ পণ্যবাহী ট্রাক
হরতালের কারণে আমদানি পণ্য নিয়ে বন্দরনগরী বেনাপোলে আটকা পড়েছে কয়েকশ’ ট্রাক।
রোববার সকাল থেকে বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতাল শুরু হওয়ায় দুদিনে পণ্য বোঝাই কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি। এতে বন্দর এলাকায় পণ্যবাহী ট্রাকের জট দেখা দিয়েছে।
রোববার ভারত থেকে আমদানি পণ্য নিয়ে ৩৬৪টি ট্রাক বেনাপোলে এসেছে বলে বন্দরের চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলি জানান।
একই সময় রপ্তানি পণ্য নিয়ে ৬০টি ট্রাক পেট্রাপোল বন্দরে গেছে বলে জানান তিনি।
সোমবার সকালে আমদানি-রপ্তানি অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, হরতালের মধ্যেও বন্দরে পণ্য ওঠা-নামাসহ শুল্ক বিভাগের সব কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে। তবে নিরাপত্তাজনিত কারণে পণ্য বোঝাই কোনো ট্রাক বন্দর এলাকা ছেড়ে যায়নি।
আমদানি-রপ্তানি এবং শুল্ক ভবনের কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর দিয়ে যাত্রী পারাপার অন্যান্য দিনের চেয়ে কম। দূর পাল্লার কোনো বাস বন্দর ছেড়ে যায়নি বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বলেন, “ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে আউটগোয়িং ও ইনকামিং পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য দিনের তুলনায় কম।”
রোববার এক হাজার ৭৬ জন পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেছেন বলে জানান তিনি। এদের মধ্যে ৮৩৭ জন ভারতে গেছেন। আর দেশে ফিরেছেন ২৩৯ জন।
বেনাপোল বন্দর থানার ওসি কাইয়ুম আলি সরদার বলেন, রোববার বন্দর এলাকায় হরতালের বিপক্ষে মিছিল-সমাবেশ হয়েছে। তবে হরতাল সমর্থকদের মাঠে দেখা যায়নি।
নাশকতা এড়াতে বন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
