হরতালের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৫৮, সাজা ২০ জনকে
বিরোধী দলের হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া সোমবার মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান।
সকালে হাজারিবাগে ট্যানারির মোড়ে স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে বোতলভর্তি পেট্রোলসহ গ্রেপ্তারের পর ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- নাঈমুল ইসলাম (২০), শহীদ আহমেদ (২৫) ও মো. রেজাউল (২০)।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, “তারা সবাই স্বেচ্ছাসেবক দলের কর্মী। তাদের কাছে বোতলভর্তি পেট্রোল ও দিয়াশলাই ছিল। হরতালের মধ্যে গাড়িতে আগুন দেয়াই ছিল তাদের উদ্দেশ্য।”
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন বলে মাসুদুর রহমান জানান।
এছাড়া রাজধানীতে বিভিন্ন ধরনের নাশকতার জড়িত থাকার দায়ে আরো ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে বলে তিনি জানান। তবে তাদের কোন কোন থানা এলাকা থেকে কী অপরাধে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
মাসুদুর রহমান বলেন, হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোবাবারও রাজধানীতে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১১ জনকে ছয় মাসের জেল দেয়া হয়।
নির্বাচনকালীন ‘নির্দলীয় সরকারের’ দাবিতে রোববার থেকে সারা দেশে ৬০ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। রোববারের মতো সোমবার সকালেও রাজধানীর বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
