জাবিতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত
হরতালে পিকেটিংকালে ছাত্রদলকর্মীদের ছত্রভঙ্গ করতে ছয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওই দৃশ্য ধারণ করতে গেলে দুই সাংবাদিককে পুলিশ লাঞ্ছিত করে এবং গুলি করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সকালের খবর পত্রিকার জাবি প্রতিনিধি খালেদুন রাতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ছাত্রদল কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে ওই দৃশ্য ধারণ করতে গিয়ে তিনি ও তার সহকর্মী আহমেদ সজলের ওপর চড়াও হন আশুলিয়া থানার এসআই রাকিব।
তিনি আরো বলেন, এক সাংবাদিকের পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে এসআই রাকিব বলেন,গুলি করে মরাব, কবুতরের মত ছটফট করে মরবি।
এসআই দুই সাংবাদিককে থানায় নিয়ে যাওয়ারও হুমকি দেন বলে জানান তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা প্রধান ফটকের সামনে তাৎক্ষণিকভাবে অবস্থান নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন আমির হোসেন, প্রক্টর মুজিবর রহমান ও অন্যান্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এসআই রাকিবের নেতৃত্বে থাকা টহলের স্থান থেকে পুলিশের দলটিকে প্রত্যাহার করা হয়।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে পুলিশি লাঞ্ছনা ও হয়রানির এবং বিশ্ববিদ্যালয়ে ভেতরে গুলি বর্ষণের নিন্দা জানিয়ে আইনি প্রক্রিয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার যথাযত শাস্তির দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, সাধারণ শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সাভার প্রেসক্লাব।
ভর্তি পরীক্ষা পিছিয়েছে
২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ২-৯ নভেম্বরের পরিবর্তে ১৭ থেকে ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কর্তৃপক্ষ জানিয়েছে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.juniv.edu/admission পাওয়া যাবে।
