ইট ভাটা সংক্রান্ত সংশোধিত বিল সংসদে
সংরক্ষিত এলাকায় ইটভাটা স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্ধদণ্ডের বিধান রেখে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবতি আইনে, ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ। পরে এটি পরীক্ষা করে ৭দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে উল্লেখ করা হয়, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষি প্রধান এলাকা এবং প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না।
অনুমোদন না নিয়ে ইটভাটা খুললে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বিলে।
১৯৮৯ সালের ইট পোড়ানো আইন ১৯৯৩ সাল ও ২০০১ সালে পরিবর্তন করা হলেও পরিবেশ রক্ষায় আরো উদ্যোগী হতে আইনটি আবারো সংস্কার করা হচ্ছে।
আগের আইনে পার্বত্য এলাকা অন্তর্ভূক্ত না থাকলেও প্রস্তাবিত সংশোধিত আইনে তা অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “সনাতন পদ্ধতির ইটভাটার মাধ্যমে অতিমাত্রায় পরিবেশ দূষণ করা হচ্ছে। বিদ্যমান আইনে এসব বিষয় মোকাবেলার জন্য সুষ্পষ্ট নির্দেশনা না থাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না।”
