সীতাকুণ্ডে হরতালকারীদের হামলায় যুবলীগকর্মী আহত
১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডের পন্থিছিলায় ইসলামী ছাত্রশিবিরের হামলায় চার যুবলীগকর্মী আহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার পন্থিছিলা ইউনিয়নের কেদারখীল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- মুসলিম উদ্দিন, আনোয়ার হোসেন, মীর হোসেন ও মো. নিজাম। এদের মধ্যে গুরুতর আহত মুসলিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানান, ১০-১৫ জন শিবিরকর্মী কেদারখীলে যুবলীগের কর্মীদের ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষও বেঁধে যায়।
সীতাকুণ্ড থানার ওসি এস এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে চারজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মুসলিমের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এর আগে হরতালের শুরুতে রোববার সকালে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যানবাহনে আগুন দেয় হরতালকারী শিবিরকর্মীরা।
