বিথার হত্যা মামলা ফের তদন্তে
খুলনার বহুল আলোচিত যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলাটি আরো তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে।
রোববার মহানগর হাকিম আবীর পারভেজ এই নির্দেশ দেন বলে মামলার তদন্ত-কর্মকর্তা ডিবির পরিদর্শক নাফিউর রহমান জানিয়েছেন।
খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিথার হত্যা মামলায় দেয়া তার অভিযোগপত্রে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ নয়জনকে অভিযুক্ত করেন।
২০০৯ সালের ১১ জুলাই রাতে থুলনা নগরীর মুসলমান পাড়ায় বিথারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ হত্যা মামলার তদন্তভার কয়েক দফা হাত বদল হয়। খুলনা সদর থানার এসআই শাহজাহান সিরাজ, ডিবির পরিদর্শক মামুন খান, পরিদর্শক তরিকুল ইসলাম, পরিদর্শক আখতার হোসেন এবং সর্বশেষ পরিদর্শক নাফিউর রহমান মামলাটি তদন্ত করেন।
চার বছর পর গত ১০ অক্টোবর পরিদর্শক নাফিউর মহানগর হাকিম আমলি আদালত- ক অঞ্চলের বিচারক মো. জাকির হোসেন টিপুর আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
