২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ভারতের অভ্যন্তর থেকে ৫১টি গরুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 04:17 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

রোববার সকালে তাদেরকে ভারতের ববন গোলা থানায় সোপর্দ করেছে বিএসএফ।

আটককৃতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন সাপাহার উপজেলা হাপানিয়া এলাকার জহর আলী(৩৫), আব্দুর রহমান(৩২), আরিফুল হক(২৫), ইব্রাহিম হোসেন(২৪), মুক্তার হোসেন(৩০), রঞ্জিত বর্মন(৩২), নরেশ সাহা(২৮) ও সানা উল্লাহ(৩৫) বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, গরু নিয়ে ফেরার পথে ভোর ৫টার দিকে ভারতের মালদহ জেলার ববনগোলা থানা এলাকার সীমান্তের ২৩৫/৩৬ নং পিলারের পাশে পান্নাপুর এলাকা থেকে ৫১টি গরুসহ ১২ বাংলাদেশিকে আটক করে বিএসএফ।

পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহল দল ও ববনগোলা থানা পুলিশ তাদের আটক করে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।  সকাল ১০টায় তাদের কে ভারতীয় ববনগোলা থানায় হস্তান্তর করে বিএসএফ।

৪৬ বিজিবির  হাপানিয়া ক্যাম্প  কমান্ডার সুবেদার আবু সুফিয়ান জানান,  আটক বাংলাদেশিদের ফেরত আনার জন্য হাপানিয়া ক্যাম্পের পক্ষ থেকে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে সকালে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হলেও তারা বৈঠকে বসতে রাজি হননি।

তবে তারা ৫১টি গরুসহ ১২ বাংলাদেশিকে আটকের কথা স্বীকার করেছে।

পুরনো খবর:

বিএসএফ-এর হাতে এক বাংলাদেশি আটক