২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-ধামরাইয়ে ৫ গাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের তিনদিনের হরতালের প্রথম দিনে রাজধানীর অদূরে সাভার ও ধামরাইয়ে তিনটি যাত্রীবাহী বাসসহ পাঁচ গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাতে হরতাল সমর্থকরা আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়।

শাহীনুর বলেন, “প্রায় একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া সরকার মার্কেট এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে এবং টঙ্গিবাড়ী এলাকায় একটি হিউম্যান হলারে আগুন দেয় হরতালকারীরা।”

পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের অগ্নিনির্বাপককর্মীরা এসে আগুন নেভায় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দুটি মোটরসাইকেলে করে চার যুবক কবিরপুর এলাকায় এসে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির একটি মিছিল যাওয়ার সময় গ্রামীণ সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। আগুনে বাসের সবগুলো আসন পুড়ে গেছে।

পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মোস্তফা।

ধামরাই থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় মাছবোঝাই একটি ট্রাকে আগুন দেয়া হয়। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

এদিকে হরতালের আগে গভীর রাতে আমিনবাজারের সড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করা হয় এবং টায়ারে আগুন দেয়া বলে জানান সাভার সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজা।

এসময় প্রায় চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও তিনি জানান।