প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়া উচিত: জাতিসংঘ
সব দলের অংশগ্রহনে নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিরোধী দলের সাড়া দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করার পর এ মত দেন তিনি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারানকো বলেছেন, চলমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ইতিবাচক।
বিরোধী দলের উচিত প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেয়া। কারণ সংলাপই হচ্ছে সংকট সমাধানের একমাত্র অবলম্বন।”
সংলাপের মাধ্যমে সংঘাত এড়িয়ে সবার অংশগ্রহণে নির্বাচনই শান্তি ফিরিয়ে আনতে পারে বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে ফোন করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপাসনকে গণভবনে সোমবার বৈঠকে আমন্ত্রণ জানান তিনি।
এর আগে গত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারানকো।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত মে মাসে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের পক্ষ থেকে ঢাকা সফরে আসেন তিনি।
তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।
