২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল তথ্য দিয়ে খালেদা উস্কানি দিচ্ছেন: ইনু

সরকারের বৈধতা প্রসঙ্গে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ভুল তথ্য দিয়ে জাতিকে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 09:38 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইউনেস্কো বাংলাদেশ সাংবাদিকতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাববে তিনি বলেন, “হরতালের হুমকি দিয়ে জনগণকে তত্ত্বাবধায়ক মানতে বাধ্য করতে পারেন না।”

“সরকার সর্বদলীয় সরকারের প্রস্তাবনা দিয়েছে। উনারা (বিএনপি) নির্দলীয় সরকারের প্রস্তাবনা দিয়েছে। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হতে পারে।”

বর্তমান সরকারকে ‘অবৈধ’ দাবি করে বিরোধী দলীয় নেত্রীর মন্তব্যের সমালোচনা করে ইনু বলেন, “সরকারের বৈধতা নেই বলে উনি যে দাবি করেছেন। এটার কোনো ভিত্তি নেই। এটা একটা চক্রান্ত। জানুয়ারি পর্যন্ত এ সরকারের বৈধতা রয়েছে। বেগম জিয়া ভুল তথ্য দিয়ে জাতিকে উস্কানি ‍দিচ্ছেন।”

অনুষ্ঠানে বক্তব্যে গণমাধ্যমকরমীদের দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী ইনু।

“যারা গণমাধ্যমে কাজ করেন তাদের আহ্বান জানাবো জঙ্গিবাদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে এবং সংবিধান অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”

তিনি বলেন, “গণমাধ্যম অতীতে কারো কাছে মাথানত করেনি। আশা করি ভবিষ্যতেও কারো কাছে মাথানত করবে না।”  

‘ইউনেস্কো বাংলাদেশ সাংবাদিকতা পুরস্কার’

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত তিনটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ বছরের সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়।

ইউনেস্কো এবং বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) যৌথভাবে এ পুরস্কার প্রদান করে। এ বছর ছিলো এ পুরস্কারের ষষ্ঠ আয়োজন।

টেলিভিশনে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার পান মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক শাহেদ আলম এবং ক্যামেরা পারসন মেহেদি হাসান সোহাগ।

সংবাদপত্রের প্রতিবেদনের জন্য দৈনিক কালের কন্ঠের অভিজিত্ ভট্টাচার্য এবং আমাদের অর্থনীতি পত্রিকার মিজানুর রহমান এবং আলোকচিত্র ক্যাটাগরিতে ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন পুরস্কার পান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, ইউনেস্কো বাংলাদেশের অফিসার ইন চার্জ কিচি ওয়াইসু, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।