চট্টগ্রামে সাংবাদিকের ওপর শিবিরের হামলা
চট্টগ্রামে বিরোধী দলীয় জোটের সমাবেশে দায়িত্ব পালনকালে এটিএন বাংলার এক ক্যামেরাম্যানের ওপর হামলা করেছে ইসলামী ছাত্রশিবিরের একদল নেতাকর্মী।
হামলায় এটিএন বাংলার ক্যামেরাম্যান ফরিদউদ্দীনের পাশাপাশি বাংলা ভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসিরউদ্দীন তোতাও আহত হয়েছেন।
শুক্রবার বিকালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে এ ঘটনা ঘটে।
নাসিরউদ্দীন তোতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে সমাপনী বক্তব্য দেয়ার সময় ফরিদউদ্দীনের ওপর হামলা করে শিবির কর্মীরা।
“হাতে গজারির লাঠি এবং মাথায় সাদা কাপড় বাঁধা একদল শিবির কর্মী হঠাৎ ফরিদের কাছে এসে তার ওপর হামলা চালায়।”
এ সময় নিজেও তাদের লাঠির আঘাতে আহত হন বলে জানান তোতা।
এদিকে সমাবেশ চলাকালে নিকটবর্তী লালখান বাজারের ইস্পাহানি মোড়ে একটি বিপণীবিতানে ভাংচুর হয়েছে।
আমিন সেন্টার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া ৫টার দিকে একদল লোক লাঠি হাতে এসে মার্কেটের সামনের গ্লাস ভাংচুর করে।
“তারা মার্কেটের ভিতরে ঢোকারও চেষ্টা চালায়ঢ। এ সময় পুলিশ ও বিজিবি আসায় পিছু হটে হামলাকারীরা।”
এদিকে কাছাকাছি সময় নগরীর ওয়াসা মোড়ে সড়কে পেট্রোল ঢেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রশিবির কর্মীরা।
