শরীয়তপুরে হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার ১
নড়িয়ায় ২৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আরো ২৬টি হাতবোমা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার এ ঘটনায় নুরুল হক চৌকিদার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, “সন্ত্রাসীরা চারটি বালতির ভেতরে দুই স্তরে বোমাগুলো সাজিয়ে রেখেছিল। উপরের সারিতে ২৬টি বোমা সনাক্ত করা গেছে।
“নিচের সারিতেও ২৬টি বোমা থাকতে পারে।”
আটককৃত নুরুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে জেলার নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নড়িয়া-জাজিরা উপলোর সীমান্তবর্তী খালাসী কান্দী গ্রামে তিন যুবক ৪টি প্লাস্টিকের বালতি নিয়ে যাচ্ছিল।
ওই এলাকার চেকপোস্ট পুলিশের সন্দেহ হলে তাদের ধাওয়া করে। তখন তারা বালতি রেখে পালিয়ে যায়।
পুলিশের ধারণা জাজিরা উপজেলার বিলাশপুর আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যবহারের জন্য বোমাগুলো সরবরাহ করা হচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
সম্প্রতি বিলাসপুরে আবুল হোসেন সরদার নামে এক যুবক খুন হলে এ দ্বন্দ্ব আরো বেড়ে যায়।
