বরিশালে পুলিশের লাঠি উদ্ধার
বরিশাল নগরী থেকে বিপুল সংখ্যক লাঠি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর হাটখোলা কাঠের গোলায় বিএনপির এক স্থানীয় নেতার দোকান থেকে লাঠিগুলো উদ্ধার হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল মেট্রো পলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জানান, ২৫ অক্টোবর নগরীতে জনসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে লাঠিগুলো তৈরি করা হয়েছে।
লাঠিগুলো গাব গাছের তৈরি। এর প্রতিটির ওজন এক থেকে দেড় কেজি।
পুলিশের কাছে খবর ছিল ১২শ’ লাঠি মজুদ রয়েছে। তবে অভিযান চালিয়ে ৩শ’ লাঠি উদ্ধার করেছে।
বাকি লাঠি আগেই সরবরাহ হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, হাটখোলা কাঠের গোলার যে দুটি দোকান থেকে লাঠি উদ্ধার হয়েছে সেই দোকান দুটির মালিক বিএনপি নেতা ও ৯ ওয়ার্ড কাউন্সিলর সেলিম হাওলাদারের।
লাঠি উদ্ধার হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
