২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্না দের মৃত্যুতে খালেদার শোক

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি ছিলেন এক চির অস্তিত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক।”

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া  বলেন, “অসাধারণ কণ্ঠশিল্পী মান্না দের মৃত্যুতে সমগ্র বাংলা ভাষাভাষীদের মধ্যে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশসহ উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক শোকের সৃষ্টি হলো।”

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার ভোরে বেঙ্গালোরের একটি হাসপাতালে মান্না দের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “এই সুরের যাদুকর নিজের মাতৃভাষা বাংলা ছাড়াও উপমহাদেশের অন্যান্য ভাষাতেও গান গেয়ে সমান কৃতিত্ব অর্জন করেছিলেন।

“অনন্য গুনী এই শিল্পী তার কণ্ঠের যাদুর পরশে সঙ্গীতানুরাগী মানুষকে রেখেছিলেন মন্ত্রমুগ্ধ করে। সঙ্গীতজগতের উজ্জ্বল তারকা হয়ে উঠার পর জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ছোঁয়া তার দরাজ কণ্ঠ অনাদিকাল পর্যন্ত বাংলাভাষী সকল মানুষের প্রাণকে সমানভাবে আপ্লুত করবে।”

বিএনপি চেয়ারপারসন মান্না দের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।