বগুড়ায় ১৮দল ও আওয়ামী লীগের জনসভাকে ঘিরে উৎকন্ঠা
বগুড়ায় একই সময়ে একই স্থানে ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ২৫ অক্টোবর সরকারি ও বিরোধী জোটের সমাগম নিয়ে পুলিশ প্রশাসনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে জনমত গঠনে তারা আগেই প্রশাসনের কাছ থেকে জনসভা করার অনুমোতি নিয়ে রেখেছেন। ওই জনসভা বানচাল করতে হঠাৎ করে আওয়ামী লীগ জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে।
নিজেদের আহুত ওই জনসভা সফল করার দৃঢ় প্রত্যয় জানান ১৮ দলীয় জোটের এই নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে তারা জনসভা আহ্বান করেছেন। প্রশাসনের কাছে অনুমতিও চেয়েছেন।
নিজ দল আহুত ওই জনসভা সফল করার লক্ষ্যে তিনিও দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই সময়ে একই স্থানে দুই পক্ষের জনসভা আহ্বানের ফলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
