২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে নিষেধাজ্ঞা বরিশালেও

বরিশাল নগরীতে শুক্রবার একই স্থানে জনসভা ডাকায় আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলকেই সভা করতে দেয়া হবে না বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:58 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তবে, বিএনপি যেকোনো মূল্যেই জনসভা করবে বলে জানিয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল ১০টায় জনসভা করার অনুমতি চেয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি লিখিত আবেদন করেছে বলে বিএমপি কমিশনার জানান।

তিনি সাংবাদিকদের বলেন, নগরীর শান্তি বজায় রাখতে কোনো দলকেই জনসভা করতে দেয়া হবে না।

মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম স্ব স্ব দলের পক্ষে এই আবেদন করেন।

এদিকে যেকোনো মূল্যে জনসভা করার কথা জানিয়েছে বিএনপি।

মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, যতই বাধাই আসুক না কেন ২৫ অক্টোবরের জনসভা সফল করা হবে।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, ২৫ অক্টোবর সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরের জনসভা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত।