বাগেরহাটে জেলেদের জরিমানা, ইলিশ জব্দ
নিষেধাজ্ঞার শেষ দিনে ইলিশ ধরায় বাগেরহাটে ৩৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুন উজ জামানের আদালতে এদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার দক্ষিণে সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়েছিল।
এ সময় তিনটি ট্রলার, ইলিশ ধরার জাল এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, বৃহস্পতিবার জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হবে এবং মাছগুলো নিলামে বিক্রি করা হবে।
মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
