নাগরপুরে ট্রাক উল্টে দুই জন নিহত
টাঙ্গাইলের নাগরপুরে একটি ট্রাক উল্টে এক কিশোরসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
নাগরপুর থানার ওসি মনির হোসেন জানান, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কোনাবাড়ী এলাকায় নাগরপুর-মানিকগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিয়ম ভেঙ্গে ওই ট্রাকে যাত্রী পরিবহণ করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌবাড়িয়া এলাকার আবু দাউদ খান (৫০) ও নাগরপুর উপজেলার সলিমাবাদের মন্টু মিঞার ছেলে মনির হোসেন (১৫)।
আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, হতাহতরা সবাই কম ভাড়ায় ট্রাকটিতে চড়ে নাগরপুর থেকে ঢাকা যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, ঢাকা যাওয়ার পথে ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এতে রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাউদ ও মনিরের।
