২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলের ট্রাক উল্টে ১৮ কি.মি. জট

একটি ট্রাক উল্টে সিরাজগঞ্জ-বগুড়া সড়কে দীর্ঘ যানজট সৃষ্টির পর ওই ট্রাকে তুষের আড়ালে ফেনসিডিল পেয়েছে পুলিশ।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, বগুড়া থেকে ঢাকাগামী মেমি মেহরাজ পরিবহনের ট্রাকটি বুধবার সকাল ৮টার দিকে রায়গঞ্জ উপজেলার ১৬ মাইল দৌলতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

ফলে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা থেকে হাটিকুমরুল পর্যন্ত  ১৮ কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয় যানজট।

দুই ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নিলে সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।    

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুষ বোঝাই ওই ট্রাকে ১৮টি কার্টুনে ১৮০০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ট্রাক ও ফেনসিডিল রায়গঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জাননা ওসি।