২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯টি ওষুধ কোম্পানি বন্ধের সুপারিশ

ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২৯টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:38 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

তবে এসব প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বাংলাদেশে নিবন্ধিত ১৫১টি ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠানের সার্বিক চিত্র তদন্ত করতে কমিটির সদস্য নাজমুল হাসানকে প্রধান করে ২০০৯ সালের ২৯ জুলাই এক সদস্য বিশিষ্ট সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়।

মান নিয়ন্ত্রণ না করায় ৬২টি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে উপ-কমিটি। প্রায় ২ বছর পর ২০১১ সালের ৩ জুলাই প্রতিবেদন দেয় উপ-কমিটি। পরে কয়েক দফা সংসদীয় কমিটি এসব প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। 

কমিটির সুপারিশের পর ওষুধ প্রশাসন অধিদপ্তর তদন্ত করলে অসন্তোষ প্রকাশ করে সংসদীয় কমিটি। পরে বিষয়টি তদন্ত করতে উপ-কমিটি আবার পুনর্গঠন করা হয়।

শুরু থেকেই এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেনি সংসদীয় কমিটি।

তবে গত বছরের ২২ মার্চ কমিটির বৈঠকে ওষুধ প্রশাসন অধিদপ্তর একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে জানানো হয় নিম্নমানের এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধ তৈরির অভিযোগে ২৭টি প্রতিষ্ঠানে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯টি প্রতিষ্ঠানকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ করার জন্য বলা হয়েছে। ২৩টিকে মান অনুযায়ী ওষুধ প্রস্তুতে সময় দেয়ার জন্য বলা হয়েছে।”

“বাকি কোম্পানির মধ্যে বেশকিছু ওষুধ প্রশাসন অধিদপ্তর বন্ধ করে দিয়েছে। আর বাকিগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।”

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান এবং মো. মুরাদ হাসান বৈঠকে অংশ নেন।