টিপাইমুখ বাঁধের কাজ স্থগিত রাখার দাবি
আন্তর্জাতিক সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজ স্থগিত রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের গৌরাঙ্গ বাজারে ‘হাওর অঞ্চলবাসী’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
হাওরের পানিপ্রবাহ ও জীববৈচিত্র রক্ষায় একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণ না করার দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী মো. মেহেরউদ্দিন, বাজিতপুর উপজেলা চেয়ারম্যান শেখ নুরুন্নবী বাদল, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা মো. শহীদুল্লাহ, কিশোরগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা তুজ জোহরা, বিশিষ্ট চিকিৎসক ডা. মহিবুদ্দিন ও ড. হালিম দাদ খান।
বক্তারা বলেন, ২০১১ সালের ২২ অক্টোবর আন্তর্জাতিক সমীক্ষা ছাড়া একতরফা টিপাইমুখ বাঁধ নির্মাণ না করার শর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
কিন্ত সেই চুক্তির লংঘন করে ভারত একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
উক্ত চুক্তি স্বাক্ষরের দুই বছর পূর্তিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বলে জানানো হয়।
