২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগ না এলে গার্মেন্টে নারীদের কাজও বন্ধ’

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় না গেলে দেশের তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকরা আর কাজ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

আগামী নির্বাচনে নারীদের আওয়ামী লীগে ভোট দেয়ার আহ্বান জানিয়ে দলের সভাপতি বলেছেন, “এবার নৌকা মার্কায় ভোট না দিলে আরো বিপদ। বিএনপি নেত্রীতো তেঁতুলতত্ত্ব গ্রহণ করেছেন। মেয়েদের ক্লাস ফোর পর্যন্ত পড়তে হবে। মেয়েরা আর গার্মেন্টসে কাজ করতে পারবে না।”

মঙ্গলবার গণভবনে জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা শাখার চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।”

সম্প্রতি নারী শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন হেফাজতে ইসলামের প্রধান মাওলানা আহমদ শফী।

মেয়েদের তেঁতুলের সঙ্গে তুলনা করে তাদের ক্লাস ফোরের বেশি পড়ার দরকার নাই বলেও মন্তব্য করেন এই ধর্মীয় নেতা।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সম্মানজনকভাবে বাঁচতে পারে- সে চেষ্টাই তার সরকার করছে।

তিনি বলেন, “আমাদের সরকার নারীদের কাজের মূল্যায়ন করে যাচ্ছে।”

আগামীতে সেনাবাহিনীতে সৈনিক পর্যায়েও নারীদের নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

নারীদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “আগামীতে বিশ্ববিদ্যালয়ে মহিলা ভিসিও হবে।”  

ধর্মের নানা কথা বলে মেয়েদের ‘পর্দার আড়ালে রেখে বঞ্চিত করা’ হলেও ইসলামেই মেয়েদের সবচেয়ে বেশি অধিকার দেয়া হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।  

তিনি বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠি নারীদের শিক্ষার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়।

নিজ নিজ এলাকায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরার জন্য জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্য এবং জেলা ও উপজেলা শাখার চেয়ারম্যানদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন্নেসা ইন্দিরা এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম অনুষ্ঠানে বক্তব্য দেন।