চুয়াডাঙ্গায় অবরোধে রেল চলাচল ব্যাহত
চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী রেলপথ অবরোধ করায় খুলনা-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
অবরোধের কারণে মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে এক ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান জানান, রেল স্টেশনের দাবিতে খুলনা থেকে ছেড়ে আসা ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি আনসারবাড়িয়া স্টেশনে আটকে রেখে অবরোধ করেন শতাধিক মানুষ।
আনসারবাড়িয়া রেল স্টেশন রক্ষা ও উন্নয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির সভাপতি হাজী মো. হাবিবুর রহমান বলেন, “অবিলম্বে আনসারবাড়িয়া রেলস্টেশন পুনরায় চালু করতে হবে। কপোতাক্ষসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দিতে হবে এখানে।”
দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।
