লক্ষ্মীপুরে ৩১ জেলে দণ্ডিত, নৌকা-জাল জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলায় পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান চালায়।
এ সময় প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল, দুই মন মা ইলিশ এবং মাছ ধরার সাতটি নৌকা জব্দ করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তার সঙ্গে ছিলেন সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন এবং স্থানীয় কোস্ট গার্ড কর্মকর্তারা।
জরিমানা দেয়া জেলেদের মধ্যে রয়েছেন কমলনগরের চরফলকন ইউনিয়নের শিবলী তালুকদার, রিয়াজ তালুকদার, মো. ফারুক, সোহাগ, মনির, বাহার, হারুন, ইউছুফ, আব্বাস, রিয়াজ, হানিফ, মাহফুজুল ইসলাম ও জয়নাল আবেদীন।
আদালতের কাজ শেষে জব্দ করা জাল ও ইলিশ মাছ পুড়িয়ে ফেলা হয়।
এদিকে, রায়পুর উপজেলার হাজিমারা এলাকায় ইলিশ মাছ পরিবহনের অপরাধে চার ক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রজনন মৌসুমে ১৩ থেকে ২৩ অক্টোবর মোট ১১ দিন সাগর ও নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এ সময়ের মধ্যে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ।
