ফরিদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলায় রোববার এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৃত ঝুমারা পারভীন ওরফে জুঁই (১৭) মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকায়।
জুঁইয়ের মা মরিয়ম বেগম মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়ার চাকরি করেন। এজন্য তিনি মধুখালী সদরের পশ্চিম গাড়াখোলায় একটি ভাড়া বাড়িতে থাকেন।
মরিয়ম বেগম জানান, রোববার দুপুরে অফিসে কাজ করার সময় খবর শুনে গিয়ে মেয়ের মৃতদেহ দেখেন। পরে মরদেহ বাড়ি নিয়ে আসেন। রাতেই মরদেহটি পুলিশ নিয়ে যায়।
ভাড়া বাড়ির মালিক মো. এরশাদ জানান, দুপুরে জুঁইকে ঘরের ভেতর ঝুলন্ত দেখে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ উত্তর সাদিপুর গ্রাম থেকে রাত ১০টার দিকে জুঁইয়ের মরদেহটি থানায় নিয়ে আসে।
সোমবার মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ইয়াকুব আলী বাদী হয়ে রোববার রাতে মধুখালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
