২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘না’গঞ্জে জামায়াতের নাশকতার পরিকল্পনা’

নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

আগামী ২৫ অক্টোবরকে ঘিরে        তারা নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে তারা বিপুল পরিমাণ বিস্ফোরক মওজুদ করে বোমা বানানোর পরিকল্পনা করেছিল।

আইনশৃঙ্খলা বাহিনী এবং বিরোধী দলের কর্মসূচিতে ব্যবহার করে তার দায় সরকারি দলের উপর চাপানোর পরিকল্পনা ছিল তাদের, বলেন তিনি।

পুলিশ সুপার আরো আরো জানান, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ পুলিশের উপর হামলার একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জিহাদি বইয়ের মধ্যে পাওয়া গেছে পরকালের পার্সপোর্ট নামের হুবহু পার্সপোর্ট আকারের একটি বই। এছাড়া রয়েছে শিবিরের সদস্য সংগ্রহ ফরম।

জিজ্ঞাসাবাদের তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যেগুলো যাচাইবাছাই করা হচ্ছে। রিমান্ডে এনেও তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে এসপি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) আজিম উল আহসান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রমুখ।

গ্রেপ্তাররা হলেন সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার আব্দুল মালেক (৫০), তার তিন ছেলে রবিউল ইসলাম (২৪), মো. ইসমাইল (২২) ও মো. ইছহাক (২০),  একই এলাকার আশ্রাফ (২৫), পাইনাদী নতুন মহল্লার মো. ইউসুফ (১৮), মো. জাকারিয়া (২৫), মো. ইমরান (২১) এবং ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার জাহাঙ্গীর (৩৫)।