আলোচনায়ই সমাধান: বাদল
আলোচনার মাধ্যমে সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন তার সমাধান হতে পারে বলে মনে করেন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের চিত্র নিয়ে প্রকাশিত ‘গণতন্ত্র ও উন্নয়নের পথরেখা’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাদল বলেন, “সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
“তবে এটা কোন অসাধ্য কাজ না আলোচনার মাধ্যমেই তা নিষ্পত্তি করা যায়। আগামী ২৩ অক্টোবর সংসদের অধিবেশন বসবে।”
‘বিচার মানি তালগাছ আমার’ প্রবাদটির উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তা হলে হবে না।
ঢাকায় রোববার থেকে সকল ধরনের সভা সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাসদ নেতা বাদল বলেন, “ল আ্যন্ড অর্ডার বলে একটা কথা আছে। তাই ডিএমপি এটা করেছে।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাজোট সরকার এবং তার নির্বাচনী এলাকা বোয়ালখালী-বায়েজিদ-চান্দগাঁও ও পাঁচলাইশ (আংশিক) এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
অন্যদের মধ্যে ইন্দু নন্দন দত্তসহ আওয়ামী লীগ, জাসদ ও যুবলীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
