মৌলভীবাজারে নারী খুন
মৌলভীবাজার সদরের পাগুলিয়া এলাকা থেকে রোববার এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অর্চনা রায় (৪৬) গিয়াসনগর ইউনিয়নের লাঙ্গুরিয়া গ্রামের প্রয়াত কৈলাশ রায়ের মেয়ে।
অর্চনা অবিবাহিত ছিলেন এবং ভাইয়ের ছেলের পরিবারের সঙ্গে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিবারের উদ্বৃতি দিয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অর্চনা বাসার একটি কক্ষে একা থাকতেন। দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সবার সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা খুলে তার লাশ পায়।
কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।
