২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রক্ষা অভিযানে হামলা, ইউএনওসহ আহত ৫

বরগুনায় পাথরঘাটার চরকাকচিড়ায় ইলিশ রক্ষা অভিযান চলাকালে জেলেদের হামলায় সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

এ সময় পুলিশের গুলিতে তিনজন জেলেও আহত হয়।

শনিবার রাতে বিষখালী নদীতে এ অভিযান চলাকালে হামলায় আহত ইউএনও মো. নূর-ই আলম ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক ওবায়দুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপন করেছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় রাত ১১টার দিকে পুলিশ নিয়ে বিষখালী নদীতে অভিযান চালাচ্ছিলেন তিনি।

তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল উঠিয়ে দ্রুত কিনারে চলে যায়।এরপর তারাও কিনারে যান। সেখানে জাল জব্দ করার সময় কিছু জেলে লাঠিসোটা নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

তিনি বলেন, “ ইটের আঘাতে আমি ও সদর থানার সহকারী উপ-পরিদর্শক ওবায়দুল আহত হলে ফাঁকা গুলি ছোড়ার নির্দেশ দেই।”

সদর থানার ওসি শীলমনি চাকমা জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ১ নং চরকাকচিড়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার উল আলম বলেন, রাতের অন্ধকারে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত কিনারে (স্থলে) তুলে রাখা জাল আনতে গেলে ডাকাত ভেবে স্থানীয় জনতা তাদের দিকে ইট-পাটকেল  ছুড়তে থাকে।

“পরে ইউএনও ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা বিরত থাকে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে চর কাকচিড়া গ্রামের জুলহাস (৩৪), মোশারেফ (৩২) এবং পিন্টু (২৫) সামান্য আহত হয়েছে।”

ইলিশ প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।