বিকালে ধরে নিয়ে গভীর রাতে দুই ছাত্রকে ফেরত দিল বিএসএফ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই স্কুল ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার আট ঘণ্টা পর তাদের ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল চেকপোস্টের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, রোববার প্রথম প্রহরে বিএসএফ তাজউদ্দিন (১৫) ও শরিফুল ইসলাম (১৬) নামে ওই দুই কিশোরকে হস্তান্তর করেছে।
তারা দুজনেই বারোপোঁতা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। শনিবার বিকাল ৫টার দিকে তারা বেনাপোল বন্দর থানাধীন গাতিপাড়া গ্রামে তাজউদ্দিনের ফুপুর বাড়িতে বেড়াতে যায়। রাতে হরিদাসপুর বিএসএফ ক্যাম্প থেকে মোবাইল ফোনে তাজউদ্দিন তার বাবা আদম আলীকে আটক হওয়ার বিষয়টি জানায়।
পরে মধ্যরাতের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান।
তাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ফুপুর বাড়ি থেকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া সীমান্তে বেড়াতে যায়। এ সময় এক বিএসএফ সদস্য তাদের ডেকে সীমান্তে নিয়ে যায়। পরে বিএসএফের টহল দল তাদের আটক করে হরিদাসপুর ক্যাম্পে নিয়ে যায় এবং মারধর করে ফেরত পাঠায়।
