২৫ অক্টোবর কাঁচপুরে থাকবেন শামীম ওসমান
বিএনপি সমর্থকদের সশস্ত্র হওয়ার আহ্বানের জবাব দিতে আগামী ২৫ অক্টোবর নেতাকর্মীদের নিয়ে কাঁচপুর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বলেন, নেতাকর্মীদের নিয়ে তিনি কাঁচপুর পয়েন্টে অবস্থান নেবেন এবং দেখবেন কার কত জোর আছে।
২৫ অক্টোবর মহাজোট সরকারের মেয়াদের শেষ তিনমাস শুরু হবে। ওই তিনমাসের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে সংবিধানে।
সরকারের অধীনে নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল দলীয় জোট। এর ধারাবাহিকতায় ঢাকায় সমাবেশে দলীয় নেতাকর্মীদের দা, খুন্তি, কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
এ হুমকি দিয়ে গা ঢাকা দিলেও খোকার খোঁজে তার বাসায় একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। সহিংসতার আশঙ্কায় ২০ অক্টোবর থেকে ঢাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ।
বিএনপির হুমকি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, দা, বটি, খুন্তি নিয়ে বিএনপি ও স্বাধীনতা বিরোধীরা যদি মনে করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখাবেন তাহলে তারা বোকার রাজ্যে বাস করছেন।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ২৪ ঘণ্টা পারেও তা নিয়ে বিএনপি নেত্রীর নীরবতার সমালোচনা করেন শামীম ওসমান।
“প্রধানমন্ত্রীর ভাষণের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মুখে কুলুপ এঁটে বসে আছেন,” বলেন শামীম।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান দীপু, থানা সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, বন্দর থানা সভাপতি এম এ রশিদ, নগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
