করতোয়া নদীতে ডুবেছে স্কুলছাত্র
বগুড়া শহরে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুরে নিখোঁজ এস আলী নওয়াজ সাগর (১৪) বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র এবং শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির টিএসআই আজমল হোসেনের ছেলে।
আজমল হোসেন জানান, সাগর বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করার জন্য বেজোড়া ঘাটে যায়। সে সাঁতার জানে না।
তার বন্ধুরা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়ে আনন্দ করছিল।
এতে সাগরও বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। বন্ধুরা সাঁতরে কূলে উঠলেও সাগর ডুবে যায়।
“সাগরের নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা সেখানে যাই। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।”
ফায়ার সার্ভিস রাজশাহী থেকে ডুবুরি আনার ব্যবস্থা করছে বলেও আজমল হোসেন জানান।
