২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মরযি উল হক মারা গেছেন

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মরযি উল হক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর ।

সংসদ সদস্য বেবী মওদুদের ভাই মরযি উল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রয়াতের পরিবারের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি মরযি উল হক হঠাৎ অসুস্থ বোধ করলে সকালে ধানমণ্ডির বাসা থেকে উনাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মরযি উল হকের বাবা ছিলেন বিচারপতি আবদুল মওদুদ। তার মায়ের নাম হেদায়েতুন নেছা। তারা ছয় ভাই, তিন বোন। বাবা-মায়ের তৃতীয় সন্তান ছিলেন মরযি উল হক। 

মরযি উল হক অন্য আরো পাঁচজনের সঙ্গে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

অতিরিক্ত বিচারকের মেয়াদ শেষের পর ক্ষমতাসীন নতুন সরকার (বিএনপি-জামায়াত জোট) ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বাদ দেয়।

পরে ২০০৮ সালের ১৭ জুলাই মরযি উল হকসহ মোট ১০ বিচারককে স্থায়ী নিয়োগের নির্দেশ দেয় হাই কোর্ট,  যে আদেশ আপিল বিভাগও বহাল রাখে।

এর ভিত্তিতে ২০০৯ সালের ২৫ মার্চ স্থায়ী বিচারক হিসাবে শপথ নেন মরযি উল হক। পরে হাই কোর্ট বিভাগ থেকেই অবসরে যান তিনি।

আপিল বিভাগের বর্তমান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাই কোর্ট বিভাগের বিচারক আব্দুর রাজ্জাকের সঙ্গে একত্রে তিনি অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। বাদও পড়েছিলেন একত্রে। আবার ফিরেও আসেন একত্রেই।