২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর প্রস্তাব গঠনমূলক-ইতিবাচক’

আঠারো দলীয় জোটের শরিকরা প্রত্যাখ্যান করলেও নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে গঠনমূলক ও ইতিবাচক হিসাবেই দেখছেন বিশিষ্ট নাগরিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 12:24 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

তাদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রীর ভাষণে সমস্যার ৯৫ ভাগ সমাধান হয়ে গেছে উল্লেখ করে বিএনপিকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে বিরোধীদলের সদস্যদের নাম চেয়েছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে সুষ্ঠুভাবে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিরোধীদের কাছে পরামর্শও চেয়েছেন তিনি।

‘হানাহানি ও সন্ত্রাসের পথ’ পরিহার করে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেছেন,  আলোচনার দরজা সব সময় খোলা।

প্রধানমন্ত্রীর ২০ মিনিট ৪৮ সেকেন্ডের এই বক্তৃতায় সরকারের গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের কথা যেমন এসেছে, তেমনি এসেছে নির্বাচনী প্রতিশ্রুতিও।

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক প্রধানমন্ত্রীর ভাষণকে ইতিবাচক অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে সমস্যার ৯৫ ভাগ সমাধান হয়ে গেছে। এখন বিএনপির উচিত তা গ্রহণ করে আলোচনায় বসা।

তিনি বলেন “প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের ডাক দিয়েছেন। এখন আলোচনায় বসে সুরাহা করতে হবে যে কীভাবে এটা করা হবে। প্রস্তাব খুবই ভালো। এখন দু’জনকে (খালেদা-হাসিনা) মিলে ভালোভাবে সেটাকে শেষ করতে হবে। গণতন্ত্রকে কীভাবে এগিয়ে নিতে হবে তা ঠিক করতে হবে।”

পাশাপাশি সর্বদলীয় মন্ত্রিসভার মন্ত্রণালয় বণ্টনের বিষয়েও আলোচনা করার তাগিদ দেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রধানমন্ত্রীর ভাষণকে ‘গঠনমূলক’ অভিহিত করে বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।

তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর ভাষণের প্রস্তাব ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।

আর নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করে বিরোধীদল জনগণকে সুস্থ ধারার রাজনীতি উপহার দিবে বলে আশা প্রকাশ করেছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাবের মাধ্যমে সমঝোতার রাজনীতির পথ প্রশস্ত হয়েছে। বিরোধীদল এ প্রস্তাব গ্রহণ করলে জনগণের পাশপাশি ব্যবসায়ীরাও উদ্বেগ আর উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে।”

অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাবে বিস্তারিত কিছু নেই বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও আইনের শিক্ষক শাহদীন মালিক।

তার মতে, “নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভার বিষয়টি আরেকটু খোলাসা করে বললে ভালো হতো। বিরোধী দল থেকে কয়জন মন্ত্রী নেয়া হবে বা কোন দপ্তরে দেয়া হবে- এগুলো বিস্তারিত বললে ভালো হতো।”