নওগাঁয় সংঘর্ষ ও ছাদ থেকে পড়ে নিহত ২
নওগাঁ শহরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ছাদ থেকে পড়ে এবং আত্রাই উপজেলায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
দুটি ঘটনাই শুক্রবার ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শহরের দয়ালের মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ওয়ার্ড বয় মো. শাহীন সাংবাদিকদের জানান, সকাল ৭টার দিকে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান এক ব্যক্তি।
পড়ার শব্দ শুনে তিনি নিজে, সিকিউরিটি গার্ড আলম হোসেন এবং ওয়ার্ড বয় রায়হান আলম গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি।
নওগাঁ সদর থানার ওসি সুমীর সুত্রধর জানান, মৃত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাংকের ঋণের কাগজ পাওয়া গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এ মুহূর্তে নিশ্চিত করা যাচ্ছে না।
অপর ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামে। এখানে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে নিহত হন স্থানীয় মনজু রহমান (৩০)।
আত্রাই থানার ওসি আব্দুল লতিফ জানান, সকাল ১০টার দিকে গ্রামের জনৈক আয়েজ আলীর নাতি পাশের বাড়ি মনজু রহমানের মেয়ের সঙ্গে খেলতে গিয়ে মারামারি করে।
এ ঘটনার জেরে দুই পরিবারের সদস্যরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে মনজুর মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
