হাজারীবাগে পুড়েছে দুই শতাধিক ঘর
রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাজারীবাগের বালুর মাঠ বৌ বাজার বস্তিতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।
ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস জানান, আগুনে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
আগুনে পুড়ে সব হারিয়ে বিলাপ করেন ক্ষতিগ্রস্তরা।
বস্তিবাসী লাভলী বেগম কান্নাজড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে আমার সব পুড়ে গেছে। ঘরে পাঁচ হাজার টাকা ছিল-তাও আর নেই।”
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা ভরত বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী জানান, আগুন লাগা মাত্রই বস্তির একটির পর একটি ঘরে তা ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়রাও আগুন নেভাতে এগিয়ে আসে।
