রেল লাইনে ত্রুটি, উত্তরের ৩ জেলা বিচ্ছিন্ন
বৃষ্টিতে লাইন বেঁকে যাওয়ায় পার্বতীপুরের সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ফলে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে এ তিন জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঈদে ঘরমুখো মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ঈদের আগের দিন (মঙ্গলবার) পার্বতীপুর-দিনাজপুর লাইনের মন্মথপুর এলাকায় কালভার্টের উপর উপর নির্মিত রেল লাইন বেঁকে যায়।
দিনাজপুর রেল স্টেশনের মাস্টার সুনীল কুমার বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল বর্ষনে মঙ্গলবার দুপুরে মন্মথপুরে রেল লাইন বেঁকে গেলে দিনাজপুর, ঠাকুগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে পার্বতীপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি জানান, ত্রুটি মেরামতের কাজ চলছে। কাজ শেষ হতে আরো ২৪ ঘণ্টা লেগে যেতে পারে।
সুনীল কুমার আরো বলেন, ঢাকা-দিনাজপুর রুটে একতা ও দ্রুতযানসহ আরো কয়েকটি ট্রেন চলাচল করে, যেগুলো এখন বন্ধ।
