চীন ও কোরিয়া যাচ্ছেন দীপু মনি
সরকারের শেষ সময়ে চীন ও দক্ষিণ কোরিয়ায় পাঁচ দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ কোরিয়া এবং পরের তিনদিন চীন সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী।
চীন ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুষ্ঠু সমাধানেও কূটনৈতিক তৎপরতায় অংশ নিচ্ছেন দুই দেশের দূতরা।
আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সম্প্রতি দুই দেশের কূটনীতিকরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করে যাচ্ছেন।
এই পরিস্থিতিতেই দুই দেশের সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সফর শুরু হচ্ছে।
সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার দূত। এর একদিন আগে চীনা কূটনীতিকদের একটি প্রতিনিধিদলও তার সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশ্বের অন্যতম ধনী দেশ চীনের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করা হয়। উন্নয়ন সহযোগী হিসেবে দক্ষিণ কোরিয়াও সম্প্রতি দেশের রাজনৈতিক সমস্যার সমাধানে কূটনীতিক তৎপরতা দেখাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, চীনে সরকারি কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন দীপু মনি। কোরিয়াতেও রাষ্ট্রীয় কাজের পাশাপাশি প্রযুক্তি বিষয়ক একটি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
শুক্রবার ‘সিউল কনফারেন্স অন সাইবারস্পেস-২০১৩’ নামের ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই’র সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া বেইজিংয়ে চাইনিজ ইনস্টিটিউট অব ইন্টারনেশন্যাল স্ট্যাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশ রোল ইন দ্যা সাউথ এশিয়া’ শিরোনামের একটি প্রবন্ধ উপস্থাপন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ২২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
