২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বেলায় ‘বাজার গরম’

ঈদের আগের রাতে শেষ মুহূর্তে ক্রেতা বাড়ায় রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে দামও কিছুটা বেড়েছে।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 09:52 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

তবে এরপরও ‘সঠিক দাম’ না পাওয়ায় লোকসানের কথা বলেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরু বিক্রেতারা। 

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গাবতলী, নয়াবাজার, আগারগাঁও ও কমলাপুরের পশুর হাটগুলোতে ঘুরে দেখা যায়, গরুর সরবরাহ মোটামুটি থাকলেও ক্রেতা কম। সারাদিনই প্রায় একই রকম যায় বিভিন্ন হাটের পরিস্থিতি। তবে সন্ধ্যার পর শেষবেলার ক্রেতাদের আগমনে বাজারে চাঙ্গাভাব কিছুটা ফেরে।  

কুষ্টিয়ার জাহাঙ্গীর হোসেন ১৬টি গরু নিয়ে নয়াবাজর হাটে এসেছিলেন। সবগুলো বিক্রি করে লাখ খানেক টাকা লাভ হয়েছে বলে জানালেন তিনি।

তবে উল্টো কথা শোনালেন চুয়াডাঙ্গার ব্যবসায়ী খায়রুল হক। সময় ফুরিয়ে এসেছে বলে দুটি গরু ছয় হাজার টাকা লোকসানেই ছেড়ে দিতে হয়েছে তাকে।

আরমানিটোলা মাঠে ফরিদপুর সদরের গরু ব্যবসায়ী ওহেদ আলী সরদার বলেন, বিশটি গরু নিয়ে গত রোববার থেকে হাটে আছেন তিনি। এর মধ্যে ১৪টি গরু বিক্রি হলেও সন্ধ্যা পর্যন্ত ছয়টি গরু বিক্রি হয়নি।

তিনি বলেন, “ক্রেতারা যে দাম বলছে তাতে দিলে পাঁচ/ছয় হাজার টাকা লোকসান হবে।”

ব্যবসায়ীরা বলছেন, এবার ঈদে তাদের সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে সোমবার। দামও ছিল আগের কয়েক দিনের তুলনায় সামান্য বেশি। মঙ্গলবার দাম আরো কিছুটা বাড়লেও ক্রেতা কম হওয়ায় তাদের খুব বেশি সুবিধা হচ্ছে না। 

যশোর থেকে ১২টি গরু নিয়ে মঙ্গলবার বিকালে আরমানিটোলা হাটে আসেন আহমেদ বেপারী।

এতো পরে গরু আনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “রোববার রওয়ানা দিয়েছি। কিন্তু রাস্তায় যানজট থাকায় আসতে দেরি হয়েছে।”

দাম নিয়েও হতাশার কথা শোনালেন তিনি।

জিনজিরা বাজারে ইমাম হোসেন নামে এক ওষুধ ব্যবসায়ী একটি গরু কিনেছেন ৫৩ হাজার টাকায়। তার মতে, ঈদের আগের দিন হিসাবে গরুর দাম বেশিও নয়, আবার কমও নয়।

তবে গাবতলীতে শেষ বেলায় গরু কিনতে আসা আবদুর রহিম বলেন, “ঈদের আগের রাতে সাধারণত দাম একটু কমে। ব্যাপারীদেরও বিক্রি করার তাড়া থাকে। কিন্তু আজ দাম কিছুটা বেশিই মনে হচ্ছে।”