চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড়ে ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত
চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় ঘূর্ণিঝড়ে ১২টি গ্রামের শতাধিক বাড়ি লণ্ডভণ্ড হয়েছে।
রোববার রাতে ৮টার দিকে আকষ্মিক এ ঝড়ে নাচোল, গোমস্তাপুর ওভোলাহাট উপজেলার ১২টি গ্রামের গাছপালা উপড়ে পড়ে, ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয় এবং ভোলাহাট উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয় ও বাঙ্গাবাড়ি বিজিবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় ২৭ হেক্টর জমির আম বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
“অন্যান্য ফসল ক্ষতিগ্রস্থ হলেও তার পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।”
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা এবং স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়ার কথা জানান চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক সরদার সরাফত আলী।
