নাটোরে ট্রাকে-ট্রাকে সংঘর্ষে নিহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন।
সোমবার বিকালে উপজেলার সুতির মোড়ে ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনায় ছয়টি গরুও মারা পড়ে।
নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের বনপাড়ার আমেনা হাসপাতাল ও পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পাটোয়ারী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান।
বনপাড়া মহাসড়ক পুলিশের উপ পরিদর্শক মাসুদ পারভেজ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতির মোড় এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ট্রাক আরোহী নিহত হয়। আহত হয় অন্তত ৩২ জন।
গরু বোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে ছয়টি গরু মারা যায়।
দুর্ঘটনার পরপরই নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
