মহাসড়কে ধীরগতি, ফেরিঘাটেও অপেক্ষা
ঈদের একদিন আগে ঘরমুখো মানুষের চাপে উত্তরের মহাসড়কে যান চলছে ধীরগতিতে। মাওয়া ফেরিঘাটেও সৃষ্টি হয়েছে দীর্ঘ জট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ের উত্তর ও দক্ষিণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকায় সোমবার সকাল থেকে থেমে থেমে যানজট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।
সালনা মহাসড়ক ফাঁড়ির ওসি মো. আলমগীর সরকার জানান, সোমবার ভোরে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যা বাড়তে থাকে।
“এর প্রভাব পড়ছে মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা, জিরানীসহ টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত। বিশেষ করে চন্দ্রা গাজীপুর জেলা শহর ও আশে-পাশের এলাকা থেকে ও ঢাকা থেকে ত্রিমোড় এলাকায় কিছু দূর পরপরই জট লেগে যাচ্ছে।”
ওসি আলমগীর বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকা ও কালিয়াকৈরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেশি থাকলে ঢাকাগামী গাড়ির চাপ তুলনামূলকভাবে কম। অবশ্য ঘরমুখো মানুষ বাস ছাড়াও ট্রাক ও পিক-আপে চেপে রওনা হচ্ছে।
শ্যামলী পরিবহনের চালক জালাল মিয়া জনি জানান, সোমবার ভোরে ঢাকা থেকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় আসতে তার সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা।
মির্জাপুরের গরু ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, পাবনা থেকে সোমবার ভোর ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় গিয়ে আটকা পড়ে তার ট্রাক। প্রায় এক ঘণ্টা সেখানেই ঠাঁয় দাঁড়িয়ে থাকে গাড়ি।
এদিকে সোমবার সকালে সাভারের আশুলিয়া এলাকায় পোশাক শ্রমিকদের অসন্তোষের কারণে নবীনগর-চন্দ্রা সড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় যানজট, যার প্রভাব পড়ে আশুলিয়া থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত।
হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ও গোড়াই হাইওয়ে থানার ওসি যোবাইদুল আলম জানান, শ্রমিক বিক্ষোভের কারণে সকাল ৭টার পর মির্জাপুর থেকে ঢাকামুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অল্প সময় পর আবার যান চলাচল শুরু হলেও ওই সময়ে দীর্ঘ যানজট তৈরি হয়ে যায়।
জট কাটিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য র্যাব, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দুই ওসি জানান।
নাওজোড় মহাসড়ক ফাঁড়ির সার্জেন্ট মো. ইকবাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে চৌরাস্তাগুলোতে পারাপারের জন্য ভোগড়া বাইপাস ও চান্দনা-চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে থেমে থেমে জট সৃষ্টি হচ্ছে।
এদিকে রোববার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সোমবার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মাওয়া ঘাটে। ১৬টি ফেরি দিয়ে পারাপার চললেও বেলা ১টায় ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল প্রায় সাড়ে ৩শ’ যাত্রীবাহী বাস। রো রো ফেরি শাহ মখদুম বিকল থাকায় পরিস্থিতি আরো জটিল হয়েছে বলে ঘাট কর্মকর্তারা জানান।
বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের ম্যানেজার মো. সিরাজুল হক বলেন, “দুটি রো রো ফেরিসহ ১৬টি ফেরি অবিরাম পারাপার করেও কুলিয়ে উঠতে পারছে না। রো রো ফেরি শাহ মখদুমকে মাওয়া ভ্রাম্যমাণ ডকে নিয়ে মেরামত শুরু হয়েছে।”
এদিকে যাত্রীবাহী বাস ছাড়াও পণ্যবাহী ৬০টি ট্রাক শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘরমুখো মানুষের চাপ কমলে এগুলো পাড় করা হবে।
দক্ষিণাঞ্চণ-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় দিয়ে ফেরি ছাড়াও লঞ্চ, ট্রলার ও স্পিডবোডটে করে পদ্মা পার হচ্ছেন হাজার হাজার যাত্রী।
মাওয়া লঞ্চ ঘাট টোলমুক্ত করায় যাত্রীরা নির্বিঘ্নে পারপার হতে পারছেন বলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান।
