২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোল নিয়ে গোল সামলাতে চুক্তি ‘পর্যালোচনা’

সদ্য চালু হওয়া মেয়র হানিফ ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায় করতে ওরিয়ন গ্রুপ পারে কি না, তা খতিয়ে দেখতে চুক্তি পর্যালোচনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 09:17 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

গত শুক্রবার উদ্বোধনের পরদিনই দেশের দীর্ঘতম ওই ফ্লাইওভারে টোলের হার নিয়ে আদায়কারীদের সঙ্গে গাড়িচালকদের মারামারি বাঁধে। এক পর্যায়ে টোল দেয়া ছাড়াই গাড়ি চলতে থাকে।

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন গাড়িচালকরা। ফ্লাইওভারের টোল প্লাজায়ও দুই ধরনের হারের তালিকা দেখা যায়।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত এই ফ্লাইওভারের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। টোল আদায়ের দায়িত্বে রয়েছে তারাই।

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ জেনে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তিনামাটি পর্যালোচনার জন্য আইনজীবীদের হাতে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজমুল ইসলাম।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরিয়ন গ্রুপ অতিরিক্ত টোল নিতে পারে কি না, তা জানতে আমরা চুক্তিটি পর্যালোচনা করতে আমাদের আইনি পরামর্শকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু করেছি।”

Image
চালু হওয়ার পরদিন শনিবার যাত্রাবাড়ী-গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারে টোলের পরিমাণ নিয়ে আদায়কারী প্রতিষ্ঠানের সঙ্গে মারামারি বাধে গাড়িচালকদের। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চালু হওয়ার পরদিন শনিবার যাত্রাবাড়ী-গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারে টোলের পরিমাণ নিয়ে আদায়কারী প্রতিষ্ঠানের সঙ্গে মারামারি বাধে গাড়িচালকদের। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার দুপুরে টোল আদায় বন্ধ থাকলেও রোববার আগের দিনের মতোই আদায় করা হচ্ছে বলে জানান নজমুল।

তিনি বলেন, “শনিবার টোল নিয়ে সমস্যা হওয়ার পর আমরা ওরিয়নের কাছে এব্যাপারে জানতে চেয়েছি। তারা বলেছে, ‘ফ্লাইওভারে দৈর্ঘ্য বেড়ে যাওয়া এবং ভ্যাট আদায়সহ বিভিন্ন রেট যুক্ত হওয়ায় টোলের পরিমাণ বেড়েছে।

“চুক্তি অনুযায়ী ওরিয়ন টোলের সঙ্গে বাড়তি কিছু নিতে পারে কি না, সেটাই পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি, ঈদের পর দ্রুত এবিষয়ে সিদ্ধান্তে আসতে পারব।”

ওরিয়ন গ্রুপের সাপ্লাই অ্যান্ড চেইন শাখার ব্যবস্থাপক চৌধুরী খালেদ মাসুদ দাবি করেছেন, চুক্তি অনুযায়ীই ‘সংশোধিত’ হারে টোল আদায় করা হচ্ছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “(টোল আদায়ের সংশোধিত হারের সঙ্গে) ভ্যাটসহ যেটা আসে সেটাই নেয়া হচ্ছে। আজকেও (রোববার) তাই নেয়া হয়েছে।”

ফ্লাইওভার উদ্বোধন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে টোলের হার দেয়া হয়- ট্রেইলার ২০০ টাকা, ট্রাক ও বাস ১৫০ টাকা, মিনিবাস ১০০ টাকা, পিকআপ ৭৫ টাকা, মাইক্রোবাস ৫০ টাকা, জিপ ৪০ টাকা, প্রাইভেট কার ৩৫ টাকা, অটোরিকশা ১০ টাকা ও দুই চাকার বাহন ৫ টাকা।

তবে টোল প্লাজায় টানানো তালিকায় দেখা যায়, ট্রেইলর ৩৪৫ টাকা, বাস/মিনি বাস ও ট্রাক (চার চাকা) ২৬০, পিকআপ ১৩০ টাকা, মাইক্রোবাস ৮৫ টাকা, অটোরিকশা ১৮ টাকা ও মোটরসাইকেল ১০ টাকা।

আবার টোল ঘরে কম্পোজ করা কাগজে লেখা তালিকায় ট্রেইলরের টোল হার ৩৭৫ টাকা লেখা রয়েছে, যে হারেই অর্থ নেয়া হচ্ছে।  

শনিবার মারামারি বাঁধলেও রোববার টোল নিয়ে কোনো গোলযোগ হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওয়ারি থানার ওসি তপন চন্দ্র সাহা।

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে টোল নিয়ে গণ্ডগোল