২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পরেই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা

প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করতে কোরবানির ঈদের পরেই সংশ্লিষ্টদের মতামত নেবে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রচার নীতিমালা নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সদস্য মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, “খসড়া নীতিমালার সঙ্গে কমিটি নীতিগতভাবে একমত হয়েছে। তবে এটি চূড়ান্ত করার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে।

“মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া নীতিমালাটি মতামতের জন্য দেয়া আছে। এরপরেও স্টেকহোল্ডারদের মতামত সরাসরি শোনা প্রয়োজন। এজন্য ঈদের পরে সাত দিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের সুপারিশগুলো যথাসম্ভব সংকলন করে নীতিমালা চূড়ান্ত করা হবে।”

গত ৫ সেপ্টেম্বর খসড়া নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করার পর সম্প্রচার কমিশন গঠন করে তা আইন ও বিধিমালা দ্বারা পরিচালনা করা হবে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “এ সরকারের মেয়াদেই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে।”

রোববারের বৈঠকে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ এবং মো. শাহরিয়ার আলম অংশ নেন।

এছাড়া তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মরতুজা আহম্মদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহম্মেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঞা, ডিএফপির মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তছির আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।