ঢাকায় ছিনতাই মাইক্রোবাসটি বাগেরহাটে উদ্ধার
যাত্রী বেশে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ছিনতাই করা একটি মাইক্রোবাস বাগেরহাটে উদ্ধার হয়েছে।
শনিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকা মাইক্রোবাসসহ মো. আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আকরাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের আক্কাস শেখের ছেলে।
গত ৪ অক্টোবর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ভাড়া নিয়ে চালকের চোখে মলম দিয়ে হাত-পা বেঁধে তাকে আশুলিয়ার বেড়িবাঁধে ফেলে দিয়ে মাইক্রোবাসটি ছিনতাই করে বলে জানিয়েছে পুলিশ।
ফকিরহাট থানায় রাখা মাইক্রোবাসটি নিতে প্রকৃত মালিককে কাগজপত্রসহ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
বাগেরহাটের সহকারী পুলিশ (সদর সার্কেল) সুপার মো. জাহিদুর রহমান বলেন, শনিবার রাতে সিলভার রং-এর টয়োটা নোয়া মাইক্রোবাসটিতে মাদারীপুরের ঘোনাপাড়া থেকে তিন যাত্রীকে বাগেরহাটের কাটাখালীতে নামিয়ে দেয়ার জন্য ভাড়ায় তোলে।
মাইক্রোবাসটি গোপালগঞ্জে পৌছানোর পর গাড়িতে আগে থেকে বসে থাকা চার ব্যক্তি ওই তিনযাত্রীর চোখে মলম লাগিয়ে দেয়।
তিন যাত্রীর ৩৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাটে তাদের নামিয়ে দিয়ে ফকিরহাটের দিকে মাইক্রোবাসটি চলে যায়।
ছিনতাইয়ের কবলে পড়া যাত্রীরা লোকজনকে বিষয়টি জানালে তারা ফকিরহাটের পরিচিতদের মোবাইলফোনে ঘটনাটি জানায়।
ফকিরহাটে লোকজন পুলিশ নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পরিস্থিতি দেখে মাইক্রোবাসটি আট্টাকী এলাকায় রাস্তার পাশে ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আকরাম নামে এক ব্যক্তিকে ধরে এলকাবাসী। অন্যরা পালিয়ে যায়।
ফকিরহাট থানার ওসি এস.এম আনোয়ার হোসেন বলেন, “জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে ধরা হয়েছে। এরা পেশাদার ছিনতাইকারী।”
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম উদ্ধার হওয়া গাড়ীটি ছিনতাই করার কথা স্বীকার করেছে।
অন্যদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
