কদমতলীতে কিশোরীর বস্তাবন্দী লাশ
রাজধানীর কদমতলী এলাকা থেকে এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় কদমতলী চেয়ারম্যার বাড়ির কলেজ রোড এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ের কিশোরীর (১৩) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
কদমতলী থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তার ধারণা, দু’দিন আগে অন্যত্র হত্যার পর দুর্বৃত্তরা লাশ ওই ডোবায় ফেলে যায়।
ফারুক নামে এক এলাকাবাসী বলেন, দু’দিন ধরেই এলাকাবাসী ওই ডোবায় চটের বস্তাটি পড়ে থাকতে দেখেছে। ওই বস্তার ভিতরে যে লাশ ছিল তা কেউ বুঝতে পারেনি। শনিবার বিকালে বস্তার ওপর কাক বসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, ওই কিশোরীর লাশ একটি কাঁথা দিয়ে প্যাঁচিয়ে চটের বস্তায় ভরা ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
